আবুধাবির প্রচণ্ড গরমেও টাইগারদের মানিয়ে নেওয়া নিয়ে চিন্তিত নন কোচ সিমন্স
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে আবুধাবির প্রচণ্ড গরমে টাইগাররা দ্রুত মানিয়ে নিতে পারবে বলে বিশ্বাস বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সের।

আগামী শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হওয়ার আগে জাপান থেকে ফেরা ক্রিকেটাররা আবুধাবির আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেবে বলে আশাবাদী বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।
বুধবার প্রথমবারের মতো পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে অনুশীলনে নামে টাইগাররা, যার মধ্য দিয়ে দুটি ভিন্ন কন্ডিশনে বিভক্ত থাকা পুরো দল এক হলো।
জাপানের এশিয়ান গেমসে অংশ নেওয়া ছয় ক্রিকেটার—লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও তানজিদ হাসান তামিম মঙ্গলবার দেশটিতে পৌঁছে টেস্ট স্কোয়াডের সঙ্গে যোগ দিয়েছেন।
টানা বৃষ্টির কারণে জাপানে এশিয়ান গেমসের সময় খুব একটা অনুশীলনের সুযোগ পাননি সেখান থেকে ফেরা ক্রিকেটাররা, যা টুর্নামেন্টে পদক না পাওয়ার পর গণমাধ্যমে জানিয়েছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটনও।
অন্যদিকে, টেস্ট স্কোয়াডের বাকি সদস্যরা সংযুক্ত আরব আমিরাতের প্রচণ্ড গরমে কদিন ধরে অনুশীলন করেছেন এবং সোমবার আমিরাতের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন, যা ড্রয়ে শেষ হয়।
বুধবারের অনুশীলন শেষে প্রধান কোচ সিমন্স গণমাধ্যমকে বলেন, 'মূল সমস্যা তো সেটাই। যে ছেলেরা জাপান থেকে এসেছে, সেখানে খুব বেশি কিছু করার সুযোগ পায়নি। তারপর এই আবহাওয়ায় এসে দুই দিন পার করেছে, দেখার বিষয় তারা কীভাবে মানিয়ে নেয়।'
তিনি আরও বলেন, 'শেষ পর্যন্ত এটি পুরোপুরি মানসিক ব্যাপার এবং তারা কীভাবে খাপ খাইয়ে নেয়। তবে প্রথম দিনেই গরমে তাদের বেশ ভালো মনে হয়েছে। তাই আমার বিশ্বাস তারা নিজেদের ভালোভাবে মানিয়ে নেবে।'
আবুধাবির উইকেট নিয়ে সিমন্স মনে করেন, এটি দারুণ লড়াইয়ের মঞ্চ তৈরি করবে। উইকেট কিছুটা ধীরগতির হতে পারে বলে সতর্ক করার পাশাপাশি তিনি উল্লেখ করেন যে, আফগানিস্তান দল তাদের স্পিনারদের ওপর ভরসা রাখবে।