Women's Cricket

এশিয়া কাপে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ, শাস্তি পেলেন গুল ফিরোজা

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে এলবিডব্লিউ আউট হয়ে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় শাস্তি পেয়েছেন পাকিস্তানের ওপেনার গুল ফিরোজা।

এশিয়া কাপে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ, শাস্তি পেলেন গুল ফিরোজা
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে আচরণবিধি ভেঙে আইসিসির শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানের গুল ফিরোজা। ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে হংকংয়ের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেই ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানি ওপেনার গুল ফিরোজা।

ম্যাচের একপর্যায়ে আম্পায়ার এলবিডব্লিউর সিদ্ধান্ত দেওয়ার পর সেটি মেনে নিতে পারেননি এই ব্যাটার। প্যাভিলিয়নে ফেরার আগে মাঠে দাঁড়িয়েই আম্পায়ারের রায়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন তিনি, যা আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।

আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ চলাকালীন অন-ফিল্ড আম্পায়ারের আদেশের প্রতি অসন্তোষ প্রদর্শনের দায়ে ফিরোজার বিরুদ্ধে আইসিসির আচরণবিধির অনুচ্ছেদ ২.৮ লঙ্ঘনের অভিযোগ আনা হয়। ম্যাচ অফিসিয়ালরা বিষয়টি আমলে নিয়ে তাকে তিরস্কার করেন।

অফিশিয়াল তিরস্কারের পাশাপাশি গুল ফিরোজার শৃঙ্খলাজনিত রেকর্ডে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম কোনো শৃঙ্খলাভঙ্গের ঘটনা।

পাকিস্তানি এই ব্যাটার নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ নিয়ে আলাদা কোনো শুনানির প্রয়োজন হয়নি।

মাঠে দায়িত্বরত দুই অন-ফিল্ড আম্পায়ারের পাশাপাশি ম্যাচ পরিচালনাকারী অন্য আম্পায়াররা যৌথভাবে ফিরোজার বিরুদ্ধে এই অভিযোগটি উত্থাপন করেন।

আইসিসির নিয়ম অনুযায়ী, প্রথম মাত্রার (লেভেল ১) শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি হলো অফিশিয়াল তিরস্কার এবং সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা, সঙ্গে এক বা একাধিক ডিমেরিট পয়েন্ট যোগ হওয়া।