অস্ট্রেলিয়া সফর সামনে রেখে দলে ডাক পেলেন অচেনা মুখ দিশা ও হাবিবা
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দলে দুই আনকোরা পেসার দিশা বিশ্বাস ও হাবিবা ইসলাম পিংকিকে রেখেছে বাংলাদেশ।

আগামী ৯ অক্টোবর শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন দুই পেসার দিশা বিশ্বাস ও হাবিবা ইসলাম পিংকি।
নতুন দুই পেসার দলে ডাক পেলেও পেস বোলিংয়ের গভীরতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মারুফা আক্তারই দলের একমাত্র মূল পেসার হিসেবে রয়েছেন, আর সিম বোলিং বিকল্প হিসেবে অভিজ্ঞতা যোগ করবেন রিতু মনি।
নবাগত জুটির পাশাপাশি বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও ব্যাটার দিলারা আক্তারকে দলে ফিরিয়েছেন নির্বাচকরা। এছাড়া গত বছরের জানুয়ারির পর এই প্রথম ওয়ানডে দলে ফিরেছেন মুরশিদা খাতুন।
এই পরিবর্তনগুলোর জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন জুয়াইরিয়া ফেরদৌস, সুমাইয়া আক্তার ও ফাহিমা খাতুন। ইনজুরির কারণে পুরোপুরি ছিটকে গেছেন বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণা। এরা সবাই এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে দলে ছিলেন।
আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে টাইগ্রেসরা। ব্রিসবেনের অ্যালান বর্ডার মাঠে সিরিজ শুরুর আগে ৬ অক্টোবর কুইন্সল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় নারী ওয়ানডে সিরিজ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ ও ১৪ অক্টোবর।