শেষ ওয়ানডে ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরে তিন চোটের বড় ধাক্কা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচের আগে বড় চোট সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়া। ছিটকে গেছেন নাথান এলিস ও জোয়েল ডেভিস, আর শঙ্কায় জ্যাক এডওয়ার্ডসের খেলা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের আগে দলে তিন খেলোয়াড়ের চোট নিয়ে বড় বিপাকে পড়ার কথা নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
সিরিজে ইতিমধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা সফরকারী শিবির থেকে শেষ ম্যাচটির জন্য ছিটকে গেছেন পেসার নাথান এলিস ও তরুণ জোয়েল ডেভিস, এছাড়া ইনজুরির শঙ্কায় রয়েছেন পাঁচ উইকেট শিকারি অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৩২ রানে হেরে যাওয়ার পাশাপাশি ম্যাচের মাঝেই একের পর এক চোটের সমস্যায় পড়েছিল অস্ট্রেলিয়া দল।
ম্যাচে মাত্র চার ওভার বোলিং করার পরই মাঠ ছাড়তে বাধ্য হন নাথান এলিস এবং দক্ষিণ আফ্রিকার ইনিংসের বাকি অংশে আর বোলিং করতে পারেননি। সিরিজের প্রথম ম্যাচে তিন উইকেট নেওয়া এই পেসার দ্বিতীয় ম্যাচে ২২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
অন্যদিকে, দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান জোয়েল ডেভিস, যার ফলে শেষ ম্যাচে তার খেলার কোনো সুযোগ থাকছে না।
দক্ষিণ আফ্রিকার বিশাল সংগ্রহ ৩৬৫ রানের ইনিংসে পাঁচ উইকেট নিয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন জ্যাক এডওয়ার্ডস, তবে তিনিও এখন হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
জোহানেসবার্গ থেকে পচেফস্ট্রোমে দলের সঙ্গে নব্বই মিনিটের বাস যাত্রায় অংশ নিলেও শেষ ওয়ানডে ম্যাচে তার মাঠে নামা নিয়ে শঙ্কা কাটছে না।
সিরিজের হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নামার আগে এই চোটের মিছিলের ফলে শেষ ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার সামনে ফিট খেলোয়াড় রয়েছে মাত্র ১২ জন।