পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের দলে ফিরলেন রশিদ ও কারান
ইনজুরি কাটিয়ে ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরেছেন আদিল রশিদ ও স্যাম কারান। তবে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জোফরা আর্চারকে।

ইনজুরি কাটিয়ে ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার আদিল রশিদ ও অলরাউন্ডার স্যাম কারান। তবে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ফাস্ট বোলার জোফরা আর্চারকে।
আগামী অক্টোবরে হতে যাওয়া এই ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে হ্যারি ব্রুকের দল। ১৬ সদস্যের এই স্কোয়াডে রাখা হয়েছে তিনজন আনক্যাপড বা আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা না থাকা খেলোয়াড়কে।
২০১৭-১৮ সালের অ্যাশেজের পর দীর্ঘদিন পর দলে ফিরেছেন স্পিনার মেসন ক্রেন। এছাড়া সাসেক্সের দুই ক্রিকেটার জেমস কোলস ও হেনরি ক্রোকোম্বর জন্যও এটি ওয়ানডে স্কোয়াডে প্রথম ডাক।
গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে খেললেও হাতের ইনজুরির কারণে ওয়ানডে ম্যাচগুলো খেলতে পারেননি রশিদ। অন্যদিকে, গত আগস্টে কুঁচকির অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে দলে ফিরেছেন কারান।
জাতীয় নির্বাচক মার্কাস নর্থ জানিয়েছেন, ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত একটি গ্রীষ্ম কাটিয়ে শরীর ও ওয়ার্কলোড ঠিক রাখার জন্যই আর্চারকে বিশ্রাম দেওয়া হয়েছে।
গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে এই সফরে দলের বাইরে আছেন সাবেক অধিনায়ক জস বাটলারও।
ব্রেন্ডন ম্যাককালামের কোচিং প্যানেলে এই সফরে সহযোগিতা করবেন জিতান প্যাটেল, মাইক ইয়ার্ডি, ডেভিড সাকের ও কার্ল হপকিনসন। এছাড়া হোয়াইট বলের বিশেষ মেন্টর কেভিন পিটারসন নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে যোগ দেবেন।