India

রঞ্জি ট্রফির ইতিহাসে চারশ রানের অবিশ্বাস্য রেকর্ড চিন্ময় সুতারের

রঞ্জি ট্রফি ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে চারশ রানের মাইলফলক স্পর্শ করেছেন চিন্ময় সুতার। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে তিনি অপরাজিত থাকেন।

Cricraze Desk
রঞ্জি ট্রফির ইতিহাসে চারশ রানের অবিশ্বাস্য রেকর্ড চিন্ময় সুতারের
রঞ্জি ট্রফি ম্যাচে ঐতিহাসিক মাইলফলক অর্জনের পর ব্যাটার চিন্ময় সুতার। ছবি: হিন্দুস্তান টাইমস

রঞ্জি ট্রফির ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে ব্যক্তিগত চারশ রানের অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন চিন্ময় সুতার। চলতি বছরের শুরুতে মুম্বাই ছেড়ে মিজোরামে নাম লেখানো এই ব্যাটার ৫১৭ বলে তার এই মহাকাব্যিক ইনিংসটি সাজান, যেখানে ছিল ৪৬টি চার ও ৭টি ছক্কা।

এই ইনিংসের সুবাদে পৃথ্বী শকে পেছনে ফেলে রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হলেন চিন্ময়। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি এখনো ধরে রেখেছেন বি বি নিম্বলকর, যিনি মহারাষ্ট্রের হয়ে কাঠিয়াওয়ারের বিপক্ষে ৪৪৩ রান করেছিলেন।

এদিকে রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ডের অন্য ম্যাচে গুজরাটের বিপক্ষে দুর্দান্ত দ্বিশতক হাঁকিয়েছেন দিল্লির অধিনায়ক আয়ুষ বাদোনি। জয়মিত প্যাটেলের বলে আউট হওয়ার আগে তিনি ২১৭ রান করেন। দিল্লির ইনিংস শেষ হয় ৬৪৮ রান সংগ্রহ করে ৬ উইকেটের বিনিময়ে।

দিনের শুরুতে দুর্দান্ত বোলিং উপহার দিয়েছেন মোহাম্মদ সিরাজ। ম্যাচের প্রথম বলেই নিখুঁত এক ইয়র্কারে প্রতিপক্ষের ওপেনারকে প্যাভিলিয়নে ফেরান তিনি। তবে ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল ছত্তিশগড়ের বিপক্ষে প্রত্যাশা মেটাতে পারেননি, মাত্র ৫ বল খেলে ১ রান করে আউট হন।

মুল্লানপুরে পাঞ্জাবের হয়ে শতক হাঁকিয়েছেন সলিল অরোরা। অন্যদিকে, সার্ভিসের বিপক্ষে প্রথম ইনিংসে ১৮৪ রানে অলআউট হওয়ার পর ঘুরে দাঁড়িয়েছে বেঙ্গল; তারা প্রতিপক্ষকে ১১৩ রানে ৯ উইকেটে আটকে ফেলে, যার মধ্যে চার উইকেট নেন শাহবাজ আহমেদ।