Pakistan

ইংল্যান্ডে শরণার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হোটেলে বিক্ষোভকারীদের হট্টগোল

ইংল্যান্ড সফরে পোর্টসমাউথে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার মুখোমুখি হয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। শরণার্থী ভেবে সফরকারী দলের হোটেলের সামনে হট্টগোল ও বিক্ষোভ সৃষ্টি করে মাস্ক পরা একদল মানুষ।

ইংল্যান্ডে শরণার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হোটেলে বিক্ষোভকারীদের হট্টগোল
ইংল্যান্ডে লাল বলের সিরিজ চলাকালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। ছবি: এএফপি

ইংল্যান্ড সফরে গিয়ে অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির মুখে পড়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। পোর্টসমাউথে অবস্থানকালীন দলটিকে শরণার্থী মনে করে তাদের হোটেলের সামনে বিক্ষোভ ও হট্টগোল শুরু করে মাস্ক পরা একদল বিক্ষোভকারী।

স্বাগতিক ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছে উঠতি বয়সের তরুণ এই ক্রিকেটাররা। ঘটনার সময় তারা হোটেলের ভেতরেই অবস্থান করছিলেন, যখন বাইরে অভিবাসনবিরোধী স্লোগান দিতে থাকে উগ্র বিক্ষোভকারীরা।

পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত পদক্ষেপ নেয় স্থানীয় পুলিশ ও দলের নিরাপত্তাকর্মীরা। হোটেলের মূল ফটক বন্ধ করে খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করা হয় এবং বাইরের পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত কাউকে বাইরে যেতে দেওয়া হয়নি।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বিষয়টির ভুল ভেঙে দেয় এবং নিশ্চিত করে যে হোটেলে কোনো শরণার্থী দল নয়, বরং পাকিস্তান জাতীয় জুনিয়র ক্রিকেট দল অবস্থান করছে। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

বিষয়টি নিয়ে পিসিবি সূত্রে জানা গেছে, অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় দলের কোনো সদস্য আহত হননি কিংবা বড় কোনো ঝুঁকিতে পড়েননি। হোটেলের সুনির্দিষ্ট নিরাপত্তা বলয়ে সবাই নিরাপদে ছিলেন।

মাঠের বাইরের এই অস্বস্তিকর ঘটনার ধাক্কা কাটিয়ে উঠে জুনিয়র সিরিজের বাকি ম্যাচগুলোর দিকেই পূর্ণ মনোযোগ দিচ্ছে সফরকারী তরুণ পাকিস্তান দল।