Bangladesh Cricket

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার

এক বছরের জন্য বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন স্পিনার নাহিদা আক্তার। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোবহানা মোস্তারি।

Cricraze Desk
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার
আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ স্পিনার নাহিদা আক্তার। ছবি: আইসিসি

এক বছরের জন্য বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার। তার সাথে দলের সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যাটার সোবহানা মোস্তারি। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ইমার্জিং নেশনস ট্রফির মাধ্যমে নতুন অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব শুরু করবেন নাহিদা। জাতীয় দলের এই পরিবর্তনের পর ২৫ বছর বয়সী নাহিদার কাঁধে উঠল টি-টোয়েন্টি দলের নেতৃত্বের ভার।

নতুন নেতৃত্ব প্রসঙ্গে বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, “সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আলোচনা করে আমরা নাহিদাকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সোবহানা মোস্তারি সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।”

তিনি আরও যোগ করেন, “নাহিদাকে এক বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর পরিস্থিতি মূল্যায়ন করে ২০২৮ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তার মাধ্যমে নতুন অধিনায়ক নাহিদাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অবশ্য ওয়ানডে ফরম্যাটে দলের নেতৃত্ব চালিয়ে যাবেন জ্যোতি।

জ্যোতি তার বার্তায় লিখেছেন, “টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদাকে আন্তরিক অভিনন্দন। নতুন এই দায়িত্বে তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আমার বিশ্বাস, নিজের দক্ষতা ও নেতৃত্বগুণ দিয়ে সে দলকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

তিনি আরও বলেন, “দলে আমাদের ভূমিকা পরিবর্তন হয়েছে, তবে লাল-সবুজ পতাকার প্রতি আমাদের আবেগ এবং বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার লক্ষ্য আগের মতোই অপরিবর্তিত রয়েছে। সতীর্থ হিসেবে আমি অতীতেও নাহিদার পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”

উল্লেখ্য, দেশের হয়ে ৬৫টি ওয়ানডে ও ১১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নাহিদা। আন্তর্জাতিক ক্রিকেটে তার শিকার যথাক্রমে ৮১ ও ১৩২টি উইকেট। ২০২২ সাল থেকে জ্যোতি টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়ার পর থেকেই সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন তিনি।