'বিগ থ্রি'-র আপত্তিতে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপের পরিকল্পনা স্থগিত করল আইসিসি
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের তীব্র বিরোধিতার মুখে ২০৩১ সালের আগে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ বা অন্য কোনো নতুন বহুজাতিক টুর্নামেন্ট না করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের দৃঢ় আপত্তির মুখে ২০৩১ সালের আগে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ বা নতুন কোনো বহুজাতিক টুর্নামেন্ট চালু করবে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গত কয়েক মাস ধরে সদস্য বোর্ডগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার পর দুবাইয়ে অনুষ্ঠিত এক ক্রিকেট অপারেশনস workshop এ কোনো অতিরিক্ত ইভেন্টের প্রস্তাব ছাড়াই আলোচনা শেষ হয়। এর ফলে ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত পরবর্তী ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) বর্তমান চক্রের অনুরূপই থাকছে।
আগামী বছর থেকে ১২ দল নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্প্রসারণের বিষয়টি একমাত্র সম্ভাব্য পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। এতে আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে যুক্ত হতে পারে, যদিও চূড়ান্ত পরিকল্পনা এখনও সদস্য দেশগুলোকে জানানো হয়নি।
খেলার প্রসার ও নিজস্ব রাজস্ব বাড়াতে নতুন প্রতিযোগিতা চালুর বিষয়ে আইসিসি আগ্রহী হলেও এটি তথাকথিত 'বিগ থ্রি'-র সঙ্গে বিরোধ তৈরি করতে পারে। বিশেষ করে একাই ক্রিকেটের বিশ্বব্যাপী আয়ের প্রায় ৭০ শতাংশ জেনারেট করে ভারত।
দুবাইয়ের কর্মশালায় বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ এবং চার দলের টি-টোয়েন্টি প্রতিযোগিতাসহ বেশ কিছু নতুন ধারণা প্রস্তাব করেছিল আইসিসি। ত্রিমুখী সিরিজের জনপ্রিয়তা হ্রাসের প্রেক্ষাপটে চতুর্বিধ টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনাও খতিয়ে দেখতে চেয়েছে তারা।
তবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বিদ্যমান বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি বাদ না দিলে ক্যালেন্ডারে নতুন টুর্নামেন্টের কোনো স্থান নেই। সংশ্লিষ্ট এক সূত্র এই ধারণাগুলোকে আইসিসির একচ্ছত্র আধিপত্য বিস্তারের চেষ্টা বলে অভিহিত করেছেন।
মার্কিন কনসালট্যান্ট ম্যাককিনজির করা একটি কৌশলগত পর্যালোচনার ওপর ভিত্তি করে এই নতুন প্রতিযোগিতার ধারণাগুলো এসেছে, যার পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী মাসে বালিতে অনুষ্ঠিতব্য ত্রৈমাসিক সভায় উপস্থাপন করা হবে। মূলত মিডিয়া স্বত্ব মূল্য হ্রাসের আশঙ্কায় এই কৌশলগত পর্যালোচনা শুরু হয়।
আগামী মাসের বালি বৈঠকে এফটিপি চূড়ান্ত হওয়ার আগেই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত ২০৩১ সাল পর্যন্ত একে অপরের বিপক্ষে খেলার সূচি চূড়ান্ত করে ফেলেছে। আগামী গ্রীষ্মে ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজ দিয়ে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হবে, যার পর রয়েছে ২০১৯-৩০ মৌসুমে অস্ট্রেলিয়া সফর।