Bangladesh Cricket

টেস্টে মিরাজের রূপকথার অভিষেকের দশ বছর পূর্ণ

ঠিক ১০ বছর আগে আজকেই চট্টগ্রামের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকে ফাইফার তুলে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আগমন বার্তা দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।

Cricraze Desk
টেস্টে মিরাজের রূপকথার অভিষেকের দশ বছর পূর্ণ
চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় অভিষেক সিরিজে সাফল্যের উল্লাসে মেতেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ছবি: এএফপি

ঠিক ১০ বছর আগের এই দিনে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে স্পিন ভেলকি দেখিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।

মাত্র ১৯ বছর বয়সে প্রথম টেস্টের প্রথম দিনেই ইংলিশ ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে চোখধাঁধানো এক ফাইফার তুলে নেন এই তরুণ অফ স্পিনার। তার ঘূর্ণিতে একে একে সাজঘরে ফেরেন বেন ডাকেট, গ্যারি ব্যালান্স, জো রুট, মঈন আলী ও জনি বেয়ারস্টোর মতো ব্যাটাররা।

পরের দিন স্টুয়ার্ট ব্রডকে আউট করে নিজের প্রথম ইনিংসে ৬টি উইকেট পূর্ণ করেন মিরাজ, যেখানে ৩৯.৫ ওভার বোলিং করে খরচ করেছিলেন মাত্র ৮০ রান।

অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই অধিনায়ক ম্যাচের দ্বিতীয় ইনিংসে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুককে শিকার করেন। শেষ পর্যন্ত বাংলাদেশ রোমাঞ্চকর লড়াইয়ে মাত্র ২২ রান দূরে হেরে গেলেও মিরাজের এই পারফরম্যান্স দেশকে জয়ের খুব কাছাকাছি নিয়ে গিয়েছিল।

সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে আরও একবার কোণঠাসা করে ফেলেন মিরাজ। ম্যাচে দুই ইনিংসেই ৬টি করে উইকেট শিকার করেন তিনি (৬-৮২ ও ৬-৭৭)। তার দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ভর করে ১০৮ রানের বড় জয় তুলে নিয়ে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করে টাইগাররা।

এক দশক পরের প্রেক্ষাপটে আজ মিরাজ বাংলাদেশ দলের অন্যতম ভরসা এবং শীর্ষ পারফর্মার। ৬১ টেস্ট, ১২৫ ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি খেলা এই অলরাউন্ডারের ঝুলিতে সব ফরম্যাট মিলিয়ে রয়েছে ৪ হাজার ৬৯১ রান ও ৩৭৯টি উইকেট।