Bangladesh Cricket

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশে জাকের ও শামীম

আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষিত বিসিবি একাদশে জায়গা পেয়েছেন জাকের আলী ও শামীম হোসেন।

Cricraze Desk
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশে জাকের ও শামীম
ঘরোয়া ক্রিকেটের অনুশীলনে জাকের আলী। ছবি: ফিরোজ আহমেদ

চলতি জাতীয় ক্রিকেট লিগের বেশ কয়েকজন পারফরমারকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশ ঘোষণা করা হয়েছে, যেখানে জায়গা পেয়েছেন জাকের আলী ও শামীম হোসেন।

আগামী বৃহস্পতিবার ও শুক্রবার বসুন্ধরার আনভির ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই দুই দিনের ম্যাচটি। মূলত সফরকারী ক্যারিবিয়ান দলকে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দিতেই এই ম্যাচটির আয়োজন করা হয়েছে।

আগামী ২৮ অক্টোবর ঢাকায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর থেকে সিলেটে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।

ঘোষিত এই একাদশে দুই বয়সভিত্তিক দলের ক্রিকেটারের পাশাপাশি রাখা হয়েছে বেশ কয়েকজন তরুণ পেসারকে। তবে দলটিতে কোনো প্রতিষ্ঠিত স্পিনার রাখা হয়নি।

চলতি লিগে সিলেট বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া পেসার অনিক দেব বর্মা এবং গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আসা আব্দুল হালিম সুযোগ পেয়েছেন একাদশে। এছাড়া রংপুর বিভাগের পেস বোলিং অলরাউন্ডার চৌধুরী মোহাম্মদ রিজওয়ানও জায়গা পেয়েছেন স্কোয়াডে।

ব্যাটিং বিভাগে বর্তমান লিগে মায়মনসিংহ বিভাগের হয়ে দুটি ফিফটি ও একটি সেঞ্চুরি হাঁকানো মাহিফুল ইসলাম রবিন সুযোগ পেয়েছেন, সাথে আছেন আক্রমণাত্মক ওপেনার জিসান আলমও।

বিসিবি একাদশ: মাহিফুল ইসলাম রবিন, জিশান আলম, কালাম সিদ্দিকী আলীন, ইফতেখার আহমেদ ইফতি, জাকের আলী অনিক, এসএম মেহরাব, চৌধুরী মো. রিজওয়ান, আইচ মোল্লা, মোহাম্মদ শামীম হোসেন, আব্দুল হালিম, অনিক দেব বর্মা, ফাহাদ হোসেন, হোসেন (অনূর্ধ্ব-১৯), সান (অনূর্ধ্ব-১৯)।