Bangladesh Cricket

অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ দিয়ে শুরু ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ, প্রকাশ পেল পূর্ণাঙ্গ সূচি

পূর্ণাঙ্গ সূচি প্রকাশের মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে যে, আগামী ৭ অক্টোবর কেপ টাউনে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ দিয়ে শুরু ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ, প্রকাশ পেল পূর্ণাঙ্গ সূচি
২০২৩ সালের ফাইনালের পুনরাবৃত্তিতে ভারতের মুখোমুখি হতে যাওয়া অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স। ছবি: গেটি ইমেজেস

আসন্ন ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আগামী ৭ অক্টোবর কেপ টাউনে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। ম্যাচটি মূলত ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি, যেখানে স্বাগতিক ভারতকে হারিয়ে নিজেদের ষষ্ঠ শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ার যৌথ আয়োজনে আগামী ২ অক্টোবর শুরু হবে এই বিশের আসর এবং ২১ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে। ১৯৯৯ থেকে ২০০৭ সালের মধ্যে টানা তিন বিশ্বকাপ জয়ের পর এবার প্রথমবার ব্যাক-টু-ব্যাক শিরোপা জয়ের মিশনে নামবে অস্ট্রেলিয়া।

কেপ টাউনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এক টেলিভিশন সাক্ষাৎকারে ভারতের অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি নিশ্চিত করেছেন যে, এটিই হতে চলেছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ৩৭ বছর বয়সী এই তারকা বলেন, ভিন দেশের কন্ডিশনে ১০টি ম্যাচে একই মানসিক তীব্রতা ধরে রাখা ভীষণ কঠিন একটি চ্যালেঞ্জ।

বিরাট কোহলি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলেন, ‘ভিন দেশের কন্ডিশনে ১০টি ম্যাচে সেই তীব্রতা বজায় রাখা শরীরের ওপর দিয়ে অনেক ধকল বয়ে আনে। এটিই ভারতের জার্সিতে আমার খেলা শেষ বিশ্বকাপ এবং আমার মূল লক্ষ্য মাঠে নিজের সবটুকু উজাড় করে দেওয়া।’

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও ভারত ম্যাচের রোমাঞ্চ নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘যখনই আপনি ভারতের বিপক্ষে খেলবেন, মনে হবে একশ কোটি মানুষ খেলা দেখছে। বিষয়টি দারুণ হতে চলেছে। ২০২৩ সালের ফাইনাল নিয়ে মানুষ এখনও আমার সাথে কথা বলে এবং তারা নিশ্চিতভাবেই প্রতিশোধ নিতে মুখিয়ে থাকবে।’

টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, সর্বনিম্ন র‍্যাঙ্কিংয়ের তিনটি দলের মধ্য থেকে বাছাইপর্বের মাধ্যমে দুটি দলকে বাদ দেওয়া হবে। এরপর ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করে রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের শীর্ষ তিন দল এবং চতুর্থ স্থান অর্জনকারীদের মধ্যে সেরা দল সুপার সেভেন পর্বে উঠবে, এরপর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল।

গ্রুপ পর্বের অন্যান্য আকর্ষণীয় ম্যাচের মধ্যে ৯ অক্টোবর কেপ টাউনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এর একদিন আগে নামিবিয়ার উইন্ডহোকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। সহ-আয়োজক জিম্বাবুয়ে তাদের সবকটি গ্রুপ ম্যাচ নিজেদের দেশেই খেলবে, যার শেষ ম্যাচটি ২৪ অক্টোবর ভিক্টোরিয়া ফলসে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত হবে।