টেস্টে পতন, অস্ট্রেলীয় অধিনায়ক কামিন্সকে ঘিরে উঠছে নানা প্রশ্ন
দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হেরে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানোর পর দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলে মেনে নিয়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স।

শনিবার নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দ্বিতীয় বড় হারে টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হারানোর পর দল নিয়ে প্রশ্ন ওঠা সম্পূর্ণ ন্যায়সংগত বলে স্বীকার করেছেন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স।
তৃতীয় টেস্টে জয়ের জন্য ২৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া এবং মাত্র ১১১ রানে গুটিয়ে যায়। এর আগে দ্বিতীয় ম্যাচেও তারা ইনিংস ও ৩১ রানে পরাজিত হয়েছিল।
দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানোর পর কামিন্স স্বীকার করেন যে, নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী সিরিজ আয়োজনের আগে দলের ভেতর আত্মমূল্যায়ন জরুরি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কামিন্স বলেন, 'আমরা টানা দুই ম্যাচ হেরেছি। আমার মনে হয় প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক এবং আমরা দলের ভেতরেও নিজেদের প্রশ্ন করব।' সেই সঙ্গে শীর্ষস্থানে ফিরতে হলে দলের উন্নতি প্রয়োজন বলেও জানান তিনি।
টস জিতে প্রথমে বোলিং করার বিস্ময়কর সিদ্ধান্ত প্রসঙ্গে কামিন্স জানান, তারা একটি উচ্চ স্কোরিং ম্যাচের প্রত্যাশা করেছিলেন এবং প্রথম দিনেই ১০ উইকেট তুলে নেওয়ার পরিকল্পনা ছিল।
তবে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন হয়ে দাঁড়ায় এবং সাইমন হারমারের দুর্দান্ত স্পিন বোলিংয়ে ক্যারিয়ারসেরা ১০-১২০ উইকেট শিকার করে অস্ট্রেলীয় ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন।
কামিন্স আরও উল্লেখ করেন যে, ব্যাটসম্যানদের কিছু ভুল সিদ্ধান্ত দলের বড় ব্যবধানে হারের জন্য দায়ী এবং শেষ দিনের প্রথম আধঘণ্টার মধ্যেই রান তাড়ায় তাদের জয়ের সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল।
তিনি যোগ করেন, 'বেশ কিছু সত্যিই বাজে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি জানি এটি পঞ্চম দিনের উইকেট, তবে পরিস্থিতি অতটা মারাত্মক ছিল না। সেখানে রান করার সুযোগ ছিল, মোকাবেলা করার মতো অনেক বলও ছিল।'