২০১৯ সালের ত্রিদেশীয় সিরিজের স্মৃতি থেকে অনুপ্রেরণা নিচ্ছেন মোসাদ্দেক
আসন্ন আবুধাবি ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ২০১৯ সালের ত্রিদেশীয় সিরিজের দারুণ পারফরম্যান্স থেকে অনুপ্রেরণা নিচ্ছেন মোসাদ্দেক হোসেন।

বাংলাদেশ সবশেষ ও একমাত্র বহুজাতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৯ সালে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে, যেখানে ওয়েস্ট ইন্ডিজও অংশ নিয়েছিল। সেই টুর্নামেন্টের ফাইনালে দলের অন্যতম নায়ক ছিলেন মোসাদ্দেক হোসেন। আসন্ন ১৭ অক্টোবর থেকে আবুধাবিতে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে সেই পারফরম্যান্স থেকেই অনুপ্রেরণা নিতে চান এই ব্যাটার।
বৃষ্টিবিঘ্নিত সেই ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২৭ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলে বাংলাদেশের জয় নিশ্চিত করেছিলেন মোসাদ্দেক। এরপর ক্যরিয়ারে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়ার পর গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে ওয়ানডে দলে ফিরেছেন তিনি।
আসন্ন ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে দলের প্রস্তুতি এবং ২০১৯ সালের সাফল্যের অনুপ্রেরণা নিয়ে প্রশ্ন করা হলে মোসাদ্দেক একে একটি মূল্যবান সুযোগ হিসেবে অভিহিত করেন।
বৃহস্পতিবার আবুধাবিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোসাদ্দেক বলেন, প্রস্তুতির দিক থেকে বলব আমরা ভালো করছি, আর ২০১৯ সালের ত্রিদেশীয় সিরিজটি আমাদের জন্য একটি বড় অনুপ্রেরণা। সেই দিক থেকে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এই সিরিজটি আমাদের জন্য দারুণ একটা সুযোগ। এ ধরনের ত্রিদেশীয় সিরিজ জিততে পারলে আমাদের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে।
কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ইদানীং সব দলই ওয়ানডে ফরম্যাটে ভালো করছে। তাই আমাদের শক্তি পরীক্ষা করা এবং আমরা কতটা ভালো করতে পারি, তার জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হবে।
নতুন ওয়ানডে অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে মাঠে নামবে টাইগাররা। আজ আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দলের দ্বিতীয় অনুশীলন সেশনে লিটনের নেতৃত্ব নিয়ে নিজের আস্থার কথা জানান মোসাদ্দেক। তিনি জানান, সিরিজের আগে টিম মিটিংয়ে খেলোয়াড়েরা নিজেদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
তিনি বলেন, গত রাতে আমরা অধিনায়কের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। মিটিংয়ে সবাইকে তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় সবার ভূমিকা পরিষ্কার। লিটনকে আমরা অনেক দিন ধরেই চিনি। সে একজন দারুণ অধিনায়ক এবং উইকেটকিপারের পজিশন থেকে খেলা খুব ভালো বুঝতে পারে।
আয়ারল্যান্ডের মাটিতে ২০১৯ সালের মতো আরেকটি ত্রিদেশীয় শিরোপা বাংলাদেশ জিততে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে মোসাদ্দেক আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ইনশাআল্লাহ। ধন্যবাদ।