Bangladesh Cricket

আফগানিস্তানকে হারিয়ে যুব ওয়ানডে সিরিজে শুভ সূচনা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের

ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রকিবুল হোসেনের অপরাজিত ৭৯ রান ও রুবাই ইসলাম রিজনের পাঁচ উইকেটের সুবাদে এই জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

Cricraze Editor
আফগানিস্তানকে হারিয়ে যুব ওয়ানডে সিরিজে শুভ সূচনা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে আফগানিস্তানের বিপক্ষে যুব ওয়ানডে ম্যাচের এক পর্যায়ে উদযাপনে মত্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। ছবি: এসসিবি

শনিবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে চার ম্যাচ যুব ওয়ানডে সিরিজের প্রথম খেলায় আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ দল নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৫০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৭৮ বলে অপরাজিত ৭৯ রানের অনবদ্য এক ইনিংস খেলেন রকিবুল হোসেন। এছাড়া আহসান আল মুমিন ৫৪ ও এস কে জারিফ সিয়াম ৫০ রানের হাফ সেঞ্চুরি তুলে নেন।

ইনিংসের শুরুতে ১১১ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ দল। তবে ষষ্ঠ উইকেটে আহসান ও রকিবুল মিলে ১১৭ রানের জুটি গড়ে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন, যা যুব ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে এই উইকেটে সর্বোচ্চ জুটি।

জবাবে রান তাড়া করতে নেমে ৪৭তম ওভারে ছয় উইকেটে ২১১০ রান সংগ্রহ করে বেশ সুবিধাজনক অবস্থানে ছিল আফগানিস্তান। তবে এরপরই ব্যাটিং ধসের মুখে পড়ে তারা মাত্র ছয় রান তুলতেই শেষ চার উইকেট হারিয়ে ফেলে এবং ৪৮.২ ওভারে ২১৭ রানে অলআউট হয়ে যায়।

অভিষেকের ম্যাচেই দুর্দান্ত বোলিং করে ৩৭ রান খরচায় পাঁচ উইকেট শিকার করেন পেসার রুবাই ইসলাম রিজন। এছাড়া পেসার শেখ আতিকুর রহমান নেন দুই উইকেট। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

আফগানিস্তানের পক্ষে হামজা খান ৭১ বলে সর্বোচ্চ ৫১ রান করলেও অন্য ব্যাটাররা টাইগার বোলারদের সামনে সুবিধা করতে পারেননি।

আগামী সোমবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।