অভিষেকের রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি সিরিজে ফারহানের ২৩৮ রান
শ্রীলঙ্কার বিপক্ষে আট উইকেটের ব্যবধানে হারের ম্যাচেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রানের অভিষেকের রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়লেন পাকিস্তান অধিনায়ক সাহেবজাদা ফারহান।

রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার কাছে আট উইকেটে হেরে গেলেও, দ্বিপক্ষীয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই টেস্ট খেলুড়ে দেশের মধ্যে সবচেয়ে বেশি রান করার রেকর্ড ভেঙেছেন পাকিস্তান অধিনায়ক সাহেবজাদা ফারহান।
সিরিজে টানা তৃতীয় ফিফটি তুলে নিয়ে নিজের মোট রান ২৩৮-এ নিয়ে যান ফারহান। তবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ৮ উইকেটে ১৬৮ রান তোলার পর ১৭ বল বাকি থাকতেই লক্ষ্য টপকে যায় শ্রীলঙ্কা।
ঘরের মাঠে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলায় এই হারের ব্যবধান খুব একটা প্রভাব ফেলেনি পাকিস্তানের জন্য।
তিন ম্যাচেই দলকে দারুণভাবে নেতৃত্ব দেওয়া ফারহানের জন্য এই অর্জন বড় প্রাপ্তি, যার মাধ্যমে তিনি তিন ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সর্বাধিক রানের পূর্ববর্তী রেকর্ডটি পেছনে ফেলে দেন।
এর আগে চলতি বছরে আফগানিস্তানের বিপক্ষে ২২৯ রান করে এই রেকর্ডের মালিক ছিলেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরুতেই ভারতীয় ওপেনারকে ছাড়িয়ে যান ফারহান।
সিরিজের শেষ ম্যাচে পরাজয় সত্ত্বেও তিন ম্যাচজুড়ে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন পাকিস্তান অধিনায়ক।
ম্যাচ শেষে ফারহান বলেন, "প্রথম দুই ম্যাচে যেভাবে আমরা দুর্দান্ত লক্ষ্য দিয়েছিলাম, আজও একই পরিকল্পনা ছিল। তবে এটি ক্রিকেট, যেকোনো কিছুই হতে পারে।"
মাত্র ৪৭ বলে ঝড়ো ৮৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট প্রকাশ করে তিনি জানান, মাঝের ওভারগুলোতে তারা বেশ ভালো বোলিং করেছেন এবং ফিল্ডিংও উন্নত হয়েছে।