Bangladesh Cricket

অনূর্ধ্ব-১৯ টাইগারদের আফগানিস্তান সিরিজ আবারও পেছাল

ওমানের ভিসা পেতে দেরি হওয়া এবং দলের সদস্যদের ধাপে ধাপে পৌঁছানোর কারণে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের যুব ওয়ানডে সিরিজের সূচিতে আবারও পরিবর্তন আনা হয়েছে।

অনূর্ধ্ব-১৯ টাইগারদের আফগানিস্তান সিরিজ আবারও পেছাল
আফগানিস্তান সিরিজের আগে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। ছবি: বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আসন্ন যুব ওয়ানডে সিরিজের সূচিতে আবারও পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত সময়ের একদিন পর আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে চার ম্যাচের এই সিরিজ।

প্রাথমিকভাবে ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের সিরিজটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে বাংলাদেশ দল সময়মতো ওমানের ভিসা না পাওয়ায় ম্যাচ কমিয়ে চারে নামানো হয়।

ভিসা সংক্রান্ত জটিলতার কারণে দলের সদস্যরা দুই ভাগে ওমানে ভ্রমণ করেন। এর মধ্যে ১০ সদস্যের প্রথম দলটি মঙ্গলবার ওমানে পৌঁছায় এবং বাকি ১৫ জন বৃহস্পতিবার দেশটিতে পৌঁছান।

প্রধান কোচ হান্নান সরকার নিশ্চিত করেছেন যে, ওমান ক্রিকেট একাডেমি মাঠে আগামী ১৭, ১৯, ২১ এবং ২৩ অক্টোবর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে প্রধান কোচ হান্নান বলেন, 'পুরো দল এখন ওমানে পৌঁছে গেছে। আমাদের ২৫ সদস্যের বহর রয়েছে। আমরা ১০ জন মঙ্গলবার এসেছিলাম, বাকিরা আজ বিকেলে এসে যোগ দিয়েছে।' তিনি আরও যোগ করেন, এখানকার আবহাওয়া বেশ গরম হলেও মৃদু বাতাস খেলোয়াড়দের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করছে।

এই সিরিজ শেষে দলটি দেশে ফিরে আসবে এবং আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশ নিতে ২ নভেম্বর আবার ওমানে যাবে।

২০২৩ ও ২০২৪ সংস্করণের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ টুর্নামেন্টের বি গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়ার সঙ্গে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে টাইগার যুবারা।