‘চ্যাম্পিয়ন হতেই এসেছি’: চতুর্থ শিরোপায় চোখ রাবেয়ার
বাছাইপর্বে বাংলাদেশ নারী দলের আধিপত্য নতুন কিছু নয়। এর আগে ২০১৮, ২০১৯ ও ২০২২ সালে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টাইগ্রেসরা। এবার লক্ষ্য চতুর্থ শিরোপা ঘরে তোলা।

টি-টুয়েন্টি বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত হয়েছে। তবে কাজ এখনো শেষ হয়নি। মূল পর্বের টিকিট পাওয়ার পর বাংলাদেশ নারী ক্রিকেট দলের চোখ এখন বাছাইপর্বের ট্রফিতে। বৃহস্পতিবার সুপার সিক্সে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে দলের প্রতিনিধি হয়ে সেই লক্ষ্যের কথাই জানালেন অলরাউন্ডার রাবেয়া খান।
নেপাল থেকে পাঠানো এক ভিডিও বার্তায় ২০ বছর বয়সী এই লেগ স্পিনার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিগার সুলতানার দল দেশে ফিরতে চায় চ্যাম্পিয়ন হয়েই। রাবেয়া বলেন, ‘কাল আমাদের খেলা স্কটল্যান্ডের সঙ্গে। তবে আমাদের লক্ষ্য একদম পরিষ্কার। আমরা বাংলাদেশ থেকে এসেছি চ্যাম্পিয়ন হতে। তাই কোনো দলকেই আমরা ছোট করে দেখব না। আমরা আমাদের প্রক্রিয়াটা ধরে রাখব।’
বাছাইপর্বে বাংলাদেশ নারী দলের আধিপত্য নতুন কিছু নয়। এর আগে ২০১৮, ২০১৯ ও ২০২২ সালে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টাইগ্রেসরা। এবার লক্ষ্য চতুর্থ শিরোপা ঘরে তোলা।
চলতি আসরে এখন পর্যন্ত টানা পাঁচ ম্যাচ দাপটের সঙ্গে জিতে উড়ছে বাংলাদেশ। বুধবার থাইল্যান্ডকে হারিয়ে নিশ্চিত হয়েছে বিশ্বকাপের মূল পর্ব। দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্টি ঝরে পড়ল রাবেয়ার কণ্ঠে, ‘আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি। এই বাছাইপর্বটা বেশ চ্যালেঞ্জিং ছিল, কারণ কী হবে না হবে, তা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। তবে আমরা পাঁচটি ম্যাচই দাপটের সঙ্গে জিতেছি এবং বিশ্বকাপ নিশ্চিত করেছি। আমরা সবাই খুব খুশি এবং আত্মবিশ্বাসী।’
চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টায় কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।