বিশ্বকাপের আগে বড় ধাক্কা, দুর্নীতির দায়ে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স
আইসিসি আরও জানিয়েছে, এটি একটি বৃহত্তর তদন্তের অংশ এবং ভবিষ্যতে আরও কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ আসতে পারে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। দুর্নীতির অভিযোগে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার অ্যারন জোন্সকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির দুর্নীতি দমন আইনের পাঁচটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
৩১ বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে দলের সঙ্গে শ্রীলঙ্কায় অবস্থান করছিলেন। আগামী মাসে শুরু হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সেখানে যুক্তরাষ্ট্রের ১৮ সদস্যের প্রশিক্ষণ ক্যাম্প চলছে। এই ক্যাম্প থেকেই বিশ্বকাপের চূড়ান্ত ১৫ জনের দল বেছে নেওয়ার কথা ছিল। কিন্তু নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেল জোন্সের। অভিযোগের জবাব দিতে তাঁকে ১৪ দিন সময় বেধে দিয়েছে আইসিসি।
আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, জোন্সের বিরুদ্ধে আনা অভিযোগগুলো মূলত ২০২৩-২৪ মৌসুমে বার্বাডোজে অনুষ্ঠিত ‘বিম-১০’ টুর্নামেন্টকে কেন্দ্র করে। এই টুর্নামেন্টটি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) অনুমোদিত ছিল। তবে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে ম্যাচ ফিক্সিংয়ে সরাসরি জড়িত থাকা, অন্যদের প্ররোচিত করা, জুয়াড়িদের প্রস্তাব গোপন করা এবং তদন্তে অসহযোগিতা করা। আইসিসি আরও জানিয়েছে, এটি একটি বৃহত্তর তদন্তের অংশ এবং ভবিষ্যতে আরও কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ আসতে পারে।
২০১৯ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে যুক্তরাষ্ট্রের হয়ে ৫২টি ওয়ানডে ও ৪৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জোন্স। তিনি সিপিএল, এমএলসি এমনকি বিপিএলেও খেলেছেন। দলের অন্যতম এই অভিজ্ঞ ক্রিকেটারকে হারানো বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের জন্য বড় এক বিপর্যয়।