Bangladesh Cricket

মার্চে পাকিস্তান সিরিজ দিয়েই সাকিবকে দেশে ফেরাতে চায় বাংলাদেশ

বিসিবির এক পরিচালক জানান, সাকিব নিজেও এবার দেশে ফিরতে আগ্রহী। মাসখানেক আগে তিনি বোর্ডের সঙ্গে যোগাযোগ করে নিজের আগ্রহের কথা জানিয়েছেন।

মার্চে পাকিস্তান সিরিজ দিয়েই সাকিবকে দেশে ফেরাতে চায় বাংলাদেশ
বিসিবির এক পরিচালক জানান, সাকিব নিজেও এবার দেশে ফিরতে আগ্রহী। মাসখানেক আগে তিনি বোর্ডের সঙ্গে যোগাযোগ করে নিজের আগ্রহের কথা জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সাকিব আল হাসানের দেশে ফেরার ইস্যুতে এবার ইতিবাচক পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পরিকল্পনা, আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজ দিয়েই জাতীয় দলে ফেরানো হবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

বিসিবি পরিচালক আসিফ আকবর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সাকিবের আইনি জটিলতা নিরসন ও দেশে ফেরার পরিবেশ তৈরি করতে সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ শুরু করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম। আসিফ বলেন, ‘বোর্ড সভাপতি সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে কথা বলছেন। আমরা আশাবাদী, মার্চে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেই সাকিবকে আবার জাতীয় দলের জার্সিতে দেখা যাবে।’

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর আর দেশে ফেরা হয়নি সাবেক সংসদ সদস্য সাকিবের। হত্যা মামলা ও গ্রেপ্তার আতঙ্কে গত বছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছা থাকলেও তা পূরণ হয়নি। তবে রাজনৈতিক পটপরিবর্তন ও অন্তর্বর্তী সরকারের কাঠামোয় রদবদল হওয়ায় বিসিবি মনে করছে, সাকিবের ফেরার পথ এখন আগের চেয়ে মসৃণ।

বিসিবির এক পরিচালক জানান, সাকিব নিজেও এবার দেশে ফিরতে আগ্রহী। মাসখানেক আগে তিনি বোর্ডের সঙ্গে যোগাযোগ করে নিজের আগ্রহের কথা জানিয়েছেন। বর্তমানে নিউইয়র্কে অবস্থানরত সাকিবও তাকিয়ে আছেন সরকারের সবুজ সংকেতের দিকে।

পাকিস্তান দল বাংলাদেশে আসবে দুই ধাপে। মার্চে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, এরপর পিএসএল শেষে মে মাসে হবে টেস্ট সিরিজ। বিসিবি চাইছে, ওয়ানডে সিরিজ দিয়েই সাকিব মাঠে ফিরুন। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে সময় কম থাকলেও, বিসিবি কর্তারা বিশ্বাস করেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাকিবের ফেরা অসম্ভব নয়।ি