Australia

ওয়ানডে কাপে রেকর্ড গড়া সেঞ্চুরি করলেন ফ্রেজার-ম্যাকার্ক

ঝোড়ো সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দাবি জোরালো করলেন জ্যাক ফ্রেজার-ম্যাকার্ক। তার রেকর্ড গড়া ইনিংসে ভর করে জয় পেয়েছে সাউথ অস্ট্রেলিয়া।

Cricraze Editor
ওয়ানডে কাপে রেকর্ড গড়া সেঞ্চুরি করলেন ফ্রেজার-ম্যাকার্ক
কারেন রোলটন ওভালে ওয়ানডে কাপের ম্যাচে বিস্ফোরক সেঞ্চুরি উদযাপন করছেন জ্যাক ফ্রেজার-ম্যাকার্ক। ছবি: ফক্স স্পোর্টস

ওয়ানডে কাপে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে জাতীয় দলে ফেরার দাবি জোরালো করেছেন জ্যাক ফ্রেজার-ম্যাকার্ক। সাউথ অস্ট্রেলিয়াকে বড় জয় এনে দিয়েছেন এই ব্যাটার।

অ্যাডিলেডের কারেন রোলটন ওভালে ইনিংসের সূচনা করতে নেমে কুইন্সল্যান্ডের বোলিং আক্রমণ গুঁড়িয়ে দেন ২৪ বছর বয়সী এই ওপেনার। মাত্র ৬৩ বলে ১২২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ১০টি চার ও ৯টি ছক্কা।

ইনিংসের প্রথম ফিফটি পেতে মাত্র ১৪ বল খরচ করেন তিনি, যার মধ্যে পাঁচটিই ছিল ছক্কা। এটি লিস্ট এ ক্রিকেটে চতুর্থ দ্রুততম এবং অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুততম ফিফটির রেকর্ড।

এরপর কিছুটা ধীরেসুস্থে খেলে ৪৯ বলেই তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছে যান তিনি। এটি অস্ট্রেলিয়ার এক দিনের ক্রিকেটে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি।

ম্যাকেনজি হার্ভের সঙ্গে উদ্বোধনী জুটিতে মাত্র ৬৯ বলেই ১২৯ রান যোগ করেন ফ্রেজার-ম্যাকার্ক। একুশতম ওভারের মধ্যেই সাজঘরে ফেরেন তিনি।

এরপর নাথান ম্যাকসুইনি ১০৩ বলে ১০৬ রানের দায়িত্বশীল একটি ইনিংস খেলে দলের সংগ্রহ আরও বাড়িয়ে নেন। ফলে কুইন্সল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৯৮ রান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে লড়াই চালিয়ে যান ল্যাকলান হার্ন। তার ১২১ রানের ইনিংস সত্ত্বেও ৪০.১ ওভারে ১ রানে গুটিয়ে যায় কুইন্সল্যান্ড।

রেডব্যাকসদের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন স্পেন্সার জনসন। লিস্ট এ ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট শিকার করে দলের ১২৬ রানের জয় নিশ্চিত করেন এই পেসার।