অ্যাশেজজয়ী বাবার পদাঙ্ক অনুসরণ করে ডারহামের সঙ্গে চুক্তি করলেন চার্লি হার্মিসন
২০০৫ সালের অ্যাশেজজয়ী পেসার স্টিভ হার্মিসনের ১৮ বছর বয়সী পুত্র চার্লি হার্মিসন ডারহামের সঙ্গে দুই বছরের রুকি চুক্তি স্বাক্ষর করেছেন।

২০০৫ সালের অ্যাশেজজয়ী পেসার স্টিভ হার্মিসনের ১৮ বছর বয়সী পুত্র চার্লি হার্মিসন ডারহামের সঙ্গে দুই বছরের রুকি চুক্তি স্বাক্ষর করেছেন। ২০০২ থেকে ২০০৯ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে ৬৩টি টেস্ট খেলা বাবার মতো চার্লিও একজন ফাস্ট বোলার এবং ইতোমধ্যে অনূর্ধ্ব-১৯ পর্যন্ত ইংল্যান্ড দলের জার্সিতে মাঠে নেমেছেন।
ঐতিহাসিক ২০০৫ সালের অ্যাশেজ জয়ী দলের তারকাদের সন্তানদের মধ্যে চতুর্থ হিসেবে কোনো কাউন্টি ক্লাবের সঙ্গে পেশাদার চুক্তি করলেন এই তরুণ পেসার। এর আগে সাবেক অধিনায়ক মাইকেল ভগণের ছেলে আর্চি সমারসেটে এবং অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের দুই ছেলে রকি ও কোরি যথাক্রমে ল্যাঙ্কাশায়ার ও কেন্টে যুক্ত হয়েছেন।
ক্লাবের অফিশিয়াল ওয়েবসাইটে নিজের অনুভূতি প্রকাশ করে চার্লি জানান যে প্রথম রুকি চুক্তি পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। সামনের কঠিন পরিশ্রমের জন্য তিনি মুখিয়ে আছেন এবং আগামী দিনে দলের সাফল্যে অবদান রাখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন।
তার বাবা স্টিভ হার্মিসন ডারহামের হয়ে সফল এক ক্যারিয়ার কাটিয়েছেন। ২০০৮ ও ২০০৯ সালে দলটিকে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাতে ভূমিকা রাখা এই পেসার ২০১৩ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। এ মৌসুমে ডিভিশন টু শিরোপা জিতে ডারহাম দল আবারও কাউন্টির শীর্ষ স্তরে উন্নীত হয়েছে।
চার্লির পাশাপাশি ১৯ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার রবি বোম্যান এবং ১৮ বছর বয়সী ব্যাটার লুক সাইমিংটনও ডারহামের সঙ্গে রুকি চুক্তি স্বাক্ষর করেছেন।