ঘাড়ের চোটের কারণে কেপ টাউন টেস্ট থেকে ছিটকে গেলেন স্টিভ স্মিথ
ঘাড়ের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন স্টিভ স্মিথ।

মঙ্গলবারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের ট্রফি নির্ধারণী তৃতীয় টেস্টের ঠিক আগে আচমকা ছিটকে গেছেন স্টিভ স্মিথ। এই ম্যাচটির সুবাদে ২০১৮ সালের আলোচিত স্যান্ডপেপারগেট কেলেঙ্কারির পর প্রথমবারের মতো কেপ টাউনে ফেরার কথা ছিল ৩৭ বছর বয়সী এই ব্যাটারের।
নিউল্যান্ডসে প্রাক-ম্যাচ অনুশীলনের সময় ঘাড়ে অস্বস্তির কথা জানানোর পর অভিজ্ঞ এই ব্যাটারকে ফিটনেস প্রমাণের শেষ সুযোগ দিয়েছিল দল। পরবর্তীতে তাকে ঘাড়ের অংশে বড় একটি প্লাস্টার লাগিয়ে মাঠের চারপাশে হাঁটাহাঁটি করতে দেখা যায়।
টস অনুষ্ঠানে এসে অজি অধিনায়ক প্যাট কামিন্স নিশ্চিত করেন যে, সকালে ফিটনেস টেস্টে উতরে যেতে পারেননি স্মিথ এবং চোটের ব্যথা কাটিয়ে উঠতে ব্যর্থ হয়েছেন। এর আগে গকেবেরহায় সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট করার সময় ঘাড়ে চোট পেয়েছিলেন তিনি, যে ম্যাচে হেরে সিরিজে ১-1 সমতা এনেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
টস অনুষ্ঠানে কামিন্স বলেন, "সে আজ সকালে একটু চেষ্টা করেছিল। কিন্তু তার ঘাড়ের অবস্থা কেমন অনুভব হচ্ছিল সেটিতে সে সন্তুষ্ট ছিল না, তাই আমাদের অন্য বিকল্প দেখতে হয়েছে।"
স্মিথ না থাকায় সিরিজের এই শেষ টেস্টের একাদশে চার পরিবর্তন আনতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়া। স্মিথের অনুপস্থিতিতে দলে ফিরে চার নম্বর পজিশনে ব্যাট করতে নামেন ক্যামেরন গ্রিন। এছাড়া একাদশে জায়গা পান জশ ইংলিস, কুপার কনলি ও নাথান লায়ন।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলীয় অধিনায়ক কামিন্স। গকেবেরহায় আগের ম্যাচে প্রথম ইনিংসে কম রানে গুটিয়ে যাওয়ার পর এবার তার ব্যাটাররা ঘুরে দাঁড়াবেন বলে আশাবাদ ব্যক্ত করেন কামিন্স।