ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখেও অস্থিরতা নিয়ে ভাবছেন না সিমন্স
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে মাঠের বাইরের নানা বিতর্ক ও বিসিবি সভাপতির পরিবর্তনের ঘটনায় মোটেও বিচলিত নন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সকে এখন আর কোনো কিছুতেই অবাক করা যায় না বলেই মনে হচ্ছে।
স্বল্প সময়ের ব্যবধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে তিনবার পরিবর্তন আসতে দেখার পর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে টাইগারদের ঘিরে চলা নানা অস্থিরতা নিয়ে প্রশ্ন করা হলে সিমন্সকে খুব একটা বিস্মিত মনে হয়নি।
মিরপুরে প্রথম টেস্ট শুরু হওয়ার মাত্র চার দিন আগে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট, যা দলের প্রস্তুতিকে আরও অনিশ্চয়তার মুখে ফেলে দেয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ব্যস্ত থাকায় পুরো দল একসঙ্গে বসে গুছিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত সময়ও পায়নি।
তবে মাঠের বাইরের এসব ঘটনা নিয়ে পড়ে থাকতে নারাজ ফিল সিমন্স। বরং তিনি মনোযোগ দিচ্ছেন দলের প্রস্তুতি এবং সামনের কাজের ওপর।
“আপনারা আমার চেয়ে অনেক বেশি সময় ধরে বাংলাদেশে আছেন। আপনারা বিশ্ব ক্রিকেট আমার চেয়েও দীর্ঘকাল দেখেছেন। ম্যাচের আগে কি এই প্রথম কোনো বিশৃঙ্খলা তৈরি হলো? না তো। তাই প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ,” সিরিজপূর্ব পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে বলেন সিমন্স।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছে এবং ফাইনালে খেলার দৌড়ে টিকে আছে। এই পরিস্থিতিতে সিমন্স জোর দিয়ে বলেছেন যে, বাইরের আলোচনা বা শোরগোল বাদ দিয়ে দলের পুরো ফোকাস থাকা উচিত ড্রেসিংরুমের ভেতরের পরিবেশের ওপর।
“এই দুই বছরের শুরুতে আমরা যাদের বিপক্ষে খেলেছি, তারাও গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আসল ব্যাপার হলো আমরা কীভাবে নিজেদের কাজ করছি এবং সিরিজের প্রস্তুতি নিচ্ছি। আমি মনে করি, গত তিন-চার দিন ধরে এখানে থাকা দলটি চমৎকার কাজ করেছে,” তিনি যোগ করেন।
সিমন্স অবশ্য স্বীকার করেছেন যে ব্যস্ত সূচির কারণে বাংলাদেশ দল আদর্শ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে পারছে না, তবে ওয়ানডে সিরিজে ব্যস্ত থাকা ক্রিকেটাররা যে অলস বসে ছিলেন না, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।