এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনালে বৃষ্টির হানা, ভাগ্য নির্ধারণ seeding নিয়মে
নাগোয়ায় টানা বৃষ্টি ও মাঠের অনুপযুক্ত অবস্থার কারণে পাকিস্তান-হংকং এবং ভারত-আফগানিস্তানের পুরুষদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ বাতিল করা হয়েছে।

নাগোয়ায় টানা বৃষ্টি ও ভেজা উইকেটের কারণে পুরুষদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ দুটি পরিত্যক্ত হওয়ায় এশিয়ান গেমসের ফাইনালে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার পথ আরও প্রশস্ত হয়েছে।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ম্যাচ শুরু না হওয়ায় হংকংয়ের বিপক্ষে টুর্নামেন্টের সেরা দল হিসেবে সবার আগে সেমিফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান।
এর কিছুক্ষণ পর আকাশে মেঘ ও বৃষ্টির মধ্যেই একই নিয়মের ভিত্তিতে আফগানিস্তানের বিপক্ষে পরবর্তী রাউন্ডে চলে যায় ভারত।
কোরোগি অ্যাথলেটিক পার্কে ম্যাচগুলো পণ্ড হয়ে যাওয়ায় দর্শকরা বঞ্চিত হন ভারতের ১৫ বছর বয়সী ব্যাটার বৈভব সূর্যবংশীর খেলা দেখতে পাওয়ার সুযোগ থেকে, যিনি চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ব্যাটিং তালিকায় শীর্ষে ছিলেন।
আবহাওয়া বাধা হয়ে দাঁড়ানোয় হতাশা প্রকাশ করেছেন আফগানিস্তানের মোহাম্মদ আকরাম। তিনি বলেন, 'আমরা ম্যাচের জন্য এখানে এসেছি কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টি নেমেছে। গতকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছিল, তাই আমাদের জন্য এটি দুর্ভাগ্যের। ভারতের সঙ্গে এখানে খেলতে পারলে আমরা খুশি হতাম—আমাদের খেলোয়াড়েরা ছন্দে আছে।'
আকরাম আরও বলেন, 'আমরা এই মাঠে দুটি ম্যাচ খেলেছি, তাই এখানকার কন্ডিশন সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টি সবকিছু নষ্ট করে দিয়েছে। আমরা মোবাইল ফোনেই বৃষ্টি দেখতে পেয়েছিলাম। সবাই খুব হতাশ।'
এদিকে আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে থাকলে মঙ্গলবার শ্রীলঙ্কা বনাম নেপাল এবং বাংলাদেশ বনাম মালয়েশিয়ার শেষ দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।