Bangladesh Cricket

বৃষ্টির বাগড়ার আগে লড়াই চালিয়ে যান নাঈম

মিরপুর টেস্টের চতুর্থ দিনে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ক্যারিয়ারসেরা অপরাজিত ৪৯ রানের ইনিংসে দলের সংগ্রহ বাড়িয়ে নেন নাঈম হাসান।

Cricraze Desk
বৃষ্টির বাগড়ার আগে লড়াই চালিয়ে যান নাঈম
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে ব্যাট করছেন বাংলাদেশ দলের নাঈম হাসান। ছবি: ফিরোজ আহমেদ / ডেইলি স্টার

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ক্যারিয়ারসেরা অপরাজিত ৪৯ রানের ইনিংসে দলের সংগ্রহ বাড়িয়ে নেন নাঈম হাসান।

দিনের শুরুতে ২৯ ওভারে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনের এক ঘণ্টার বেশি সময় পর বৃষ্টি নামার আগে ৪৬ ওভারে ৯ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে স্বাগতিকরা, ফলে লিড বেড়ে দাঁড়ায় ১৫৯ রানে।

দিনের শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন শেষ স্বীকৃত ব্যাটার জাকের আলী। কনকাশন বদলি হিসেবে মুমিনুল হকের স্থলাভিষিক্ত হওয়া জাকের জোমেল ওয়ারিক্যানের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ৩৪ বলে ২২ রান করে আউট হন।

এরপর হাসান মাহমুদকে (৩১ বলে ৮) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ওয়ারিক্যান। একই কায়দায় তাইজুল ইসলামকে (১৬ বলে ৮) ফিরিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ।

তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ লড়াই চালিয়ে যান নাঈম। যদিও ইনিংসে বেশ কয়েকবার ভাগ্যের সহায়তা পান এই স্পিনার; ব্যক্তিগত ২১ ও ২৯ রানে দুবার জীবন পান তিনি। এসব সুযোগ কাজে লাগিয়ে টেস্ট ক্যারিয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ৪৯ রান সংগ্রহ করেন তিনি।

শেষ ব্যাটসম্যান শরিফুল ইসলামকে নিয়ে বর্তমানে ক্রিজে আছেন নাঈম। তিন বল খেলে এখনো রানের খাতা খুলতে পারেননি শরিফুল। খেলা পুনরায় শুরু হলে নিজের প্রথম টেস্ট ফিফটি পূর্ণ করার পাশাপাশি দলের সংগ্রহ আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ্য থাকবে নাঈমের।