প্রমোশনাল শুটিংয়ে কাঁধে চোট, ভারত টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত রচিন রবীন্দ্র
বিজ্ঞাপনচিত্রের চিত্রগ্রহণের সময় কাঁধের হাড় স্থানচ্যুত হওয়ায় ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে নিউ জিল্যান্ডের অলরাউন্ডার রচিন রবীন্দ্রর খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের আগে বড় অস্বস্তিতে পড়েছে নিউ জিল্যান্ড। এক প্রমোশনাল শুটিংয়ের সময় কাঁধের হাড় স্থানচ্যুত হওয়ায় অলরাউন্ডার রচিন রবীন্দ্রর সিরিজের প্রথম দিকে খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মাঠের বাইরের এক বাণিজ্যিক কার্যক্রমে অংশ নিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনার শিকার হন তিনি। গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সিরিজের ঠিক মুখেই দলের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার চোট পাওয়ায় সফরকারীদের একাদশ ভাবনায় কিছুটা ওলটপালট তৈরি হয়েছে।
প্রাথমিক শারীরিক পরীক্ষায় জানা গেছে, রবীন্দ্রর কাঁধে গুরুতর কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। বিষয়টি কিউই শিবিরের জন্য কিছুটা স্বস্তির খবর হলেও পুর্নবাসন শেষ না হওয়া পর্যন্ত তাকে মাঠে নামানোর তাড়া দেখাচ্ছে না টিম ম্যানেজমেন্ট।
নিউ জিল্যান্ডের মেডিকেল টিম জানিয়েছে, আগামী দিনগুলোতে পুনর্বাসন প্রক্রিয়ায় তার অগ্রগতির ওপরই নির্ভর করবে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার।
সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে নিউ জিল্যান্ডের অন্যতম মূল ভরসা হয়ে উঠেছেন রবীন্দ্র। বিশেষ করে এশিয়ার মাঠে মিডল অর্ডারে তার আগ্রাসী ব্যাটিং ও কার্যকরি বাঁহাতি স্পিন দলের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখে।
রবীন্দ্র শেষ পর্যন্ত ফিট হতে না পারলে একাদশ সাজাতে বেশ বিকল্প পথ খুঁজতে হবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে। প্রয়োজনে স্কোয়াডে নতুন কাউকে অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনাও করছে কিউই টিম ম্যানেজমেন্ট।