Bangladesh Cricket

ভিসা জটিলতায় পেছাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান সফর

ভিসা জটিলতার কারণে ওমান সফরের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পূর্বনির্ধারিত বিমানযাত্রা স্থগিত করা হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

ভিসা জটিলতায় পেছাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান সফর
আন্তর্জাতিক সিরিজের আগে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। ছবি: বিসিবি

ভিসা জটিলতার কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান সফরের পূর্বনির্ধারিত বিমানযাত্রা স্থগিত করা হয়েছে। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। ওমান ক্রিকেট একাডেমি মাঠে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি যুব ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল জুনিয়র টাইগারদের, যার সূচি নির্ধারিত ছিল ১৩, ১৫, ১৮, ২০ ও ২৩ অক্টোবর।

বিসিবি জানিয়েছে, এই সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাদের জানিয়েছে যে তারা ওমানি কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গত সেপ্টেম্বরের শুরুতে শুরু হওয়া এই ভিসা প্রক্রিয়ার পুরো বিষয়টি এসিবি সমন্বয় করছে, যা বিসিবির নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

এই বিলম্বের পরেও বিসিবি জানিয়েছে যে দল যাত্রার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং ভিসা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই ভ্রমণের প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। গত বৃহস্পতিবার এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বোর্ড, যেখানে দলের অধিনায়ক করা হয়েছে ফরিদ হাসান ফয়সালকে।

এদিকে আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্যও আগামী মাসে ওমানে যাওয়ার কথা রয়েছে দলটির। আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ শেষ করে জুনিয়র টাইগারদের দেশে ফেরার কথা রয়েছে, এরপর আগামী ২ নভেম্বর মহাদেশীয় এই টুর্নামেন্টে অংশ নিতে ফের ওমানের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাদের।