অভিজ্ঞতার কারণেই টি-টোয়েন্টি দলে ফিরেছেন ভুবনেশ্বর: সিতংশু কোটাক
চার বছর পর ভারতীয় টি-টোয়েন্টি দলে ভুবনেশ্বর কুমারের প্রত্যাবর্তনের নেপথ্যে রয়েছে তাঁর অভিজ্ঞতা ও আইপিএলের দুর্দান্ত পারফরম্যান্স—এমনটাই জানালেন ব্যাটিং কোচ সিতংশু কোটাক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজ শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে ভারত। ঘোষিত দল নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দীর্ঘ চার বছর পর ভুবনেশ্বর কুমারের জাতীয় দলে ফেরা। রাঁচিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে এই অভিজ্ঞ পেসারকে দলে নেওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন ভারতের ব্যাটিং কোচ সিতংশু কোটাক।
সিতংশু কোটাক জানান, জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়ায় এবং দলে একাধিক তরুণ বোলার থাকায় ম্যানেজমেন্টের একজন অভিজ্ঞ বোলারের প্রয়োজন ছিল। তাঁর মতে, তরুণরা ভালো খেললেও ক্রিকেটের কঠিন মঞ্চে অভিজ্ঞতার বিকল্প নেই।
এ প্রসঙ্গে কোটাক বলেন, "একটি বিষয় তো নির্বাচকদের হাতে, তবে আমার ধারণার কথা আমি বলতে পারি। ইংল্যান্ডে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল, বুমরাহ না থাকায় এবং বেশ কজন তরুণ বোলার খেলায় অভিজ্ঞতার কোনো বিকল্প থাকে না। তরুণরা ভালো করছে, পারফর্ম করে দলে জায়গা পাচ্ছে, কিন্তু একটা পর্যায়ে আপনার কিছুটা অভিজ্ঞতারও প্রয়োজন পড়ে।"
২০২৫ ও ২০২৬ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে টানা দুই শিরোপা জয়ে ভুবনেশ্বরের অনবদ্য অবদান তাঁর কামব্যাককে ত্বরান্বিত করেছে। এই দুই মৌসুমে মোট ৪৫টি উইকেট শিকার করেন তিনি। যার মধ্যে কেবল ২০২৬ আসরেই নেন ২৮ উইকেট এবং ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ ও পার্পল ক্যাপের তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন।
নির্বাচনী ভাবনা নিয়ে কোটাক আরও যোগ করেন, "এটি একটি কারণ হতে পারে। আরেকটি বিষয় হলো, ভুবনেশ্বর গত দুই মৌসুম ধরে আইপিএলে দারুণ পারফর্ম করে আসছে। তাই নিউজিল্যান্ডের কন্ডিশন ও অন্যান্য বিষয় মাথায় রেখে নির্বাচকরা হয়তো ভেবেছেন যে সে ভালো করছে এবং আমাদের কিছু অভিজ্ঞতা দরকার।"
ভুবনেশ্বরের এই প্রত্যাবর্তনের পর পেসার মোহাম্মদ শামির দলে ফেরার সম্ভাবনা নিয়েও ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে। শামির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে কোটাক স্পষ্ট কোনো উত্তর না দিয়ে জানান, সবকিছু নির্ভর করছে নির্বাচকদের পরিকল্পনা ও দলের প্রয়োজনের ওপর।
ব্যাটিং কোচ বলেন, "প্রথমত, আমি কোনো নির্বাচক নই, তাই এ বিষয়ে নিশ্চিত করে বলা আমার জন্য কঠিন। তবে শামিও খেলছে এবং সেও ভালো করছে। নির্বাচকদের যদি মনে হয় সে ছন্দে আছে এবং দলের কোনো নির্দিষ্ট চাহিদা রয়েছে, তবে যেকোনো খেলোয়াড়কেই বেছে নেওয়া হতে পারে।"