Bangladesh Cricket

আফগান যুবাদের কাছে হেরে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের চতুর্থ ও শেষ যুব ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে চার উইকেটে হেরেছে বাংলাদেশ। ফলে ২-২ ব্যবধানে সিরিজ ড্র হয়েছে।

Cricraze Desk
আফগান যুবাদের কাছে হেরে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে যুব ওয়ানডে সিরিজের ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়েরা। ছবি: এসিবি

শুক্রবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের চতুর্থ ও শেষ যুব ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতার কারণে আফগানিস্তানের কাছে চার উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফলে ২-২ ব্যবধানে সিরিজ শেষ করতে হয়েছে তাদের।

প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ দল ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে হারায়। এরপর অধিনায়ক ফরিদ হাসান এবং আল আমিন হোসেন রনি তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন।

এই জুটি ভেঙে যাওয়ার পর নিয়মিত বিরতিতে অন্যপ্রান্ত থেকে উইকেট পড়তে থাকে। তবে একপ্রান্তে অবিচল থেকে ১৪৫ বলে ধৈর্যশীল ৮২ রানের ইনিংস খেলেন অধিনায়ক ফরিদ, যা দলের সংগ্রহকে খুব বেশিদূর নিয়ে যেতে পারেনি।

নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। শেষদিকে রবিউল হাসান অনিকের অপরাজিত ২৯ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে এই রান পায় দল, যেখানে ৩টি ছক্কা ছিল।

আফগানিস্তানের পক্ষে আমির হামজা ও সোহেল খান তিনটি করে এবং লুৎফউল্লাহ মোহাম্মদি দুটি উইকেট শিকার করেন।

রান তাড়ায় নেমে আফগানিস্তানও ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে হারায়। তবে তাহির সারওয়ারির ৭৬ বলে অপরাজিত ৬৭ এবং সুভান জাখাইলের ৮১ বলে ৬০ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে ৪৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২২ রান করে জয় নিশ্চিত করে তারা।

বাংলাদেশের সফল বোলার পেসার আল আমিন হোসেন ৪৪ রান খরচ করে দুটি উইকেট তুলে নেন।

এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে ৩৩ রানে জয় পাওয়ার পর সুপার ওভারে দ্বিতীয় ম্যাচ জিতেছিলে। এরপর তৃতীয় ম্যাচে আফগানিস্তান ৪৩ রানে জয় পায় এবং শুক্রবারের জয়ে সিরিজ সমতায় শেষ করে।