Bangladesh Cricket

সংকট কাটিয়ে ওঠার আগেই ধাক্কা, আরব আমিরাতের ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন

ডান হিপ জয়েন্টের চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতের চলমান ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক লিটন দাস। অন্যদিকে জ্বরের কারণে প্রথম ম্যাচে খেলতে পারছেন না মেহেদী হাসান মিরাজ।

Cricraze Desk
সংকট কাটিয়ে ওঠার আগেই ধাক্কা, আরব আমিরাতের ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক লিটন দাস। ছবি: ফেসবুক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকদের তথ্য অনুযায়ী, ডান হিপ জয়েন্টের চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতের চলমান ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক লিটন দাস। জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান এক ভিডিও বার্তায় জানান যে, ডান হিপ জয়েন্টে অস্বস্তির কথা জানানোর পর লিটনের এমআরআই করানো হয় এবং রিপোর্টে সামান্য সমস্যা ধরা পড়ে।

ম্যাচে নামার মতো ফিটনেস আছে কি না তা দেখতে লিটন শেষ মুহূর্ত পর্যন্ত ফিটনেস টেস্ট দেওয়ার চেষ্টা করেন, তবে প্রয়োজনীয় মানদণ্ড পার করতে পারেননি। গত জুলাইয়ে পূর্ণকালীন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর এই সিরিজেই প্রথমবার দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার, তবে ইনজুরি তাকে পুরো সিরিজ থেকেই দূরে সরিয়ে দিল।

লিটনের অনুপস্থিতিতে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের উদ্বোধনী ম্যাচে দলের নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়ে তিনি ওয়ানডে ফরম্যাটে দেশের ১৮তম অধিনায়ক হিসেবে নাম লেখালেন।

এদিকে, ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে দলের বাইরে আছেন সাবেক অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। গত তিন দিন ধরে তিনি জ্বরে ভুগছেন বলে নিশ্চিত করেছেন টিম ফিজিও বায়েজেদুল।