Bangladesh Cricket

'স্বাভাবিকের চেয়ে একটু বেশি' গরম হলেও স্বস্তিতে ওয়েস্ট ইন্ডিজ

ঢাকায় স্বাভাবিকের চেয়ে গরম একটু বেশি অনুভূত হলেও মিরপুর টেস্টের আগে পরিবেশের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিয়েছে এবং স্বস্তিতে আছে ওয়েস্ট ইন্ডিজ দল।

Cricraze Desk
'স্বাভাবিকের চেয়ে একটু বেশি' গরম হলেও স্বস্তিতে ওয়েস্ট ইন্ডিজ
প্রথম টেস্টের আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কথা বলছেন ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক রোস্টন চেজ। ছবি: ফিরোজ আহমেদ

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে নিজেদের প্রস্তুতি ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হলেও সফরকারী দল জানিয়েছে, তারা এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে এবং বেশ স্বস্তিতে রয়েছে।

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ জানান, চেন্নাইয়ে বিশেষ অনুশীলন ক্যাম্প এবং ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের সুবাদে তাদের প্রস্তুতি নিয়ে কোনো আক্ষেপ নেই। গত ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছে আগেভাগেই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার কাজ সেরেছিল দল।

প্রস্তুতির বিষয়ে চেজ বলেন, 'আমাদের বেশিরভাগ খেলোয়াড় চেন্নাইয়ের ক্যাম্পে ছিল। আর যারা সেখানে ছিল না, তারা ভারতে সীমিত ওভারের সিরিজে ব্যস্ত ছিল। এরপর পুরো দল একসঙ্গে দুটি ভালো অনুশীলন সেশন পেয়েছি এবং একটি প্রস্তুতি ম্যাচও খেলেছি।'

মঙ্গলবার কোনো ধরনের অনুশীলন না করে পূর্ণ বিশ্রামে ছিল ক্যারিবীয় দল, যা থেকে স্পষ্ট যে প্রথম টেস্টে নামার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে বেশ আত্মবিশ্বাসী তারা। ঢাকার গরম নিয়ে দলপতির ভাষ্য, 'আমার মনে হয় সবাই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে এবং স্বস্তিতে আছে। আমরা কঠোর পরিশ্রম করেছি। স্বাভাবিকের চেয়ে একটু বেশি গরম, তবে এখন পর্যন্ত সবাই পরিবেশ উপভোগ করছে এবং নিজেদের মানিয়ে নিতে পেরেছে।'

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ শেষে ২১ অক্টোবর দেশে ফেরায় দল হিসেবে খুব বেশি প্রস্তুতির সময় পায়নি স্বাগতিক বাংলাদেশ। অন্যদিকে সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় এবং পাকিস্তানের সঙ্গে সিরিজ ড্র করে দারুণ ছন্দে রয়েছে সফরকারীরা।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার আট নম্বরে থাকা ক্যারিবীয়দের জন্য এই সিরিজটি অবস্থান উন্নত করার শেষ সুযোগ, কারণ চলতি চক্রে এটিই তাদের শেষ অ্যাসাইনমেন্ট। সিরিজ জেতার তাগিদ অনুভব করে অধিনায়ক বলেন, 'পয়েন্ট তালিকায় আমরা যদি ওপরের দিকে উঠতে চাই, তবে এই সিরিজেই তা করতে হবে।'

চলতি বছর চার টেস্ট খেলে কেবল একটিতে হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ এই ধারা ধরে রাখতে মরিয়া। চেজ যোগ করেন, 'চলতি বছর আমাদের দারুণ কেটেছে। চারটি টেস্ট খেলে দুটিতে জয়, একটিতে ড্র এবং একটিতে হেরেছি। আমরা ভালো ফর্মে থেকে এই সিরিজে নামছি।'

তিনি আরও বলেন, 'তাই দুটি ম্যাচই জিতে পয়েন্ট তালিকায় পঞ্চম বা ষষ্ঠ স্থানে থেকে পর্বটি শেষ করতে চাই। এটি দলের জন্য চমৎকার এক ক্রিসমাস উপহার হবে।'