অটনিল বার্টমানের চোট: নতুন দুশ্চিন্তায় দক্ষিণ আফ্রিকা
ঘরোয়া চার দিনের ম্যাচে চোট পেয়ে মাত্র ৫ ওভার বল করার পর মাঠ ছাড়েন অটনিল বার্টমান। দক্ষিণ আফ্রিকার এই পেসারের আঘাত নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের সামনে নতুন দুশ্চিন্তা হয়ে দেখা দিয়েছে পেসার অটনিল বার্টমানের চোট। দেশের ঘরোয়া চার দিনের সিরিজের ম্যাচে ডলফিন্সের হয়ে মাঠে নেমে নতুন করে অস্বস্তিতে পড়েছেন এই ডানহাতি পেসার।
প্রতিযোগিতামূলক এই ম্যাচে ডলফিন্সের হয়ে তিনি কেবল ৫ ওভার বল করার সুযোগ পান। এরপর চোট পেয়ে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন।
পরবর্তী সময়ে ম্যাচে তিনি আর বোলিং করতে পারেননি। কেবল তা-ই নয়, রান তাড়ায় ডলফিন্সের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়েও নামতে পারেননি বার্টমান। শেষ পর্যন্ত ম্যাচটিতে পরাজিত হয় তার দল।
বর্তমানে ডলফিন্স ও জাতীয় দলের মেডিকেল টিম তার চোট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। চিকিৎসকদের চুড়ান্ত মূল্যায়নের পরই বোঝা যাবে মাঠের বাইরে তাকে কতদিন কাটাতে হতে পারে।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ডেথ ওভারের নিখুঁত বোলিং আর কার্যকারী কাটারের কারণে ডেভিড মিলারদের বোলিং আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠছিলেন বার্টমান।
যদি এই পেসারের সেরে উঠতে লম্বা সময়ের প্রয়োজন হয়, তবে আসন্ন সিরিজের জন্য বিকল্প বোলার অনুসন্ধানে নামতে হবে প্রোটিয়া নির্বাচকদের।