শান্তর আউটের পর ফিফটি করলেন সাদমান
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে লাঞ্চের পর ৩ উইকেটে ১৪৯ রান তুলেছে বাংলাদেশ, ফিফটি তুলে নিয়েছেন ওপেনার সাদমান ইসলাম।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে লাঞ্চের পর ৫০ ওভারে ৩ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলাম ৬৬ এবং তৌহিদ হৃদয় ২৩ রান নিয়ে অপরাজিত রয়েছেন।
৯৫ বলে ৫টি চারে নিজের ফিফটি পূর্ণ করেন সাদমান। ৩২তম ওভারে দলীয় শতরান পার করে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৯ রান করে আউট হওয়ার পর ইনিংসের হাল ধরে রাখেন সাদমান, যার ফলে ৩৬তম ওভারে দলের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১১০ রান।
লাঞ্চের সময় ১৫ রানে অপরাজিত থাকা শান্ত আর মাত্র ৪ রান যোগ করে জোমেল ওয়ারিকেনের শিকার হন। লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ার আগে পূর্ণ দৈর্ঘ্যের ডেলিভারিতে প্যাডেল সুইপ করতে গিয়ে মিস করেন বাংলাদেশ অধিনায়ক। ক্যারিবীয় অধিনায়ক রস্টন চেইস রিভিউ নিলে বল ট্র্যাকিংয়ে দেখা যায় বল মিডল স্টাম্পে আঘাত হানত।
এর আগে লাঞ্চের আগে মুমিনুল হককে ২৮ রানে ফিরিয়ে ইনিংসের প্রথম উইকেট শিকার করেছিলেন ওয়ারিকেন।
আজ সকালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের শুরুতেই দ্রুত তানজিদ হাসানকে হারায় স্বাগতিকরা।
জয়ডেন সিলিসের বলে ৭ রান করে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ। সেখান থেকে দলকে টেনে তোলেন সাদমান ও মুমিনুল। দ্বিতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়েন তারা।
মুমিনুল ৫১ বলে ২৮ রান করে ওয়ারিকেনের বলে শমার জোসেফের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ২২তম ওভারে স্পিনারের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন তিনি।
এরপর সাদমান ও শান্ত জুটিতে রান এগোতে থাকে। প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও লড়াই চালিয়ে যাচ্ছে টাইগাররা। ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছে স্বাগতিক দল।