বয়স জালিয়াতির দায়ে বাদ রোহিত যাদব, অনূর্ধ্ব-১৯ দল সংশোধন করল বিসিসিআই
বয়স জালিয়াতির দায়ে ক্রিকেটার রোহিত যাদবকে স্কোয়াড থেকে বাদ দিয়ে অস্ট্রেলিয়া সিরিজের জন্য পরিবর্তিত অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বিসিসিআই।

বয়স জালিয়াতির দায়ে তরুণ ক্রিকেটার রোহিত যাদবকে দল থেকে প্রত্যাহার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের ঠিক আগেই যুব দলটিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে বোর্ড।
বয়সভিত্তিক ক্রিকেটে বয়স লুকানোর প্রবণতার বিরুদ্ধে বিসিসিআই যে শূন্য সহনশীলতার নীতি বজায় রাখছে, এই কঠোর সিদ্ধান্তের মাধ্যমে ফের তা স্পষ্ট হলো।
ঘরোয়া যুব টুর্নামেন্টে দারুণ পারফর্ম করে প্রাথমিকভাবে জাতীয় অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নিয়েছিলেন রোহিত যাদব। তবে বিসিসিআইয়ের নির্ধারিত বয়স পরীক্ষা ও নথিপত্র যাচাইকরণে তাঁর দেয়া তথ্যে অসঙ্গতি ধরা পড়ে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই দলের শৃঙ্খলা ও টুর্নামেন্টের সততা বজায় রাখতে দ্রুত তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআইয়ের নীতি নির্ধারক মহল।
জুনিয়র ক্রিকেটে জালিয়াতি বন্ধে সাম্প্রতিক বছরগুলোতে হাড়ের ঘনত্ব পরীক্ষা (টিডব্লিউ৩ মেথড) এবং কঠোর জন্মসনদ যাচাইকরণ পদ্ধতি জোরদার করেছে ভারতীয় বোর্ড।
এত সব কড়া নজরদারির পরও মাঝে মাঝে অসত্য তথ্য দেওয়ার ঘটনা সামনে আসায় কঠিন বার্তা দিচ্ছে কর্তৃপক্ষ। তথ্য গোপন ধরা পড়লে সঙ্গে সঙ্গে দল থেকে বাদ দেওয়ার পাশাপাশি কড়া শাস্তির বিধান চালু রয়েছে।
অনাকাঙ্ক্ষিত এই বিতর্কের ঝড় সামলে পরিবর্তিত অনূর্ধ্ব-১৯ স্কোয়াড এখন মাঠে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রস্তুতিতেই নজর রাখছে।